দুধ, মাছ, সবজি কিংবা মসলা—দেখতে ভালো হলেই নিরাপদ নয়। তাতে থাকতে পারে ক্ষতিকর জীবাণু, নিষিদ্ধ উপাদান কিংবা দূষিত মাটি ও পানি থেকে আসা ধাতু। এসব ঠেকাতে আইন আছে। অভিযান হয়। জরিমানাও হয়। তারপরও পরীক্ষায় সমস্যা মিলছে। কেন? উত্তর খুঁজতে দেখতে হবে খাবারের পুরো যাত্রা। উৎপাদন থেকে বাজার পর্যন্ত কোথায় দূষণ হচ্ছে। তা ধরার সক্ষমতা কতটা। আর ধরা পড়ার পর কী ব্যবস্থা হচ্ছে।
জরিমানা হচ্ছে, ফল কতটা?
১৫ নভেম্বর সংসদে খাদ্যমন্ত্রী আফরোজা খানম আরও কঠোর আইনের প্রয়োজনীয়তার কথা বলেন।তাঁর হিসাবে, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন অনিয়মে জরিমানা হয়েছে প্রায় ৩ কোটি ৫৫ লাখ টাকা। বিভিন্ন পরীক্ষাগারে পরীক্ষা হয়েছে ৬ হাজার ২৮৩টি নমুনা।কিন্তু জরিমানার অঙ্ক দিয়ে খাবারের নিরাপত্তা বোঝা যায় না। দেখতে হবে, অনিরাপদ পণ্য বাজার থেকে সরেছে কি না। দূষণের উৎস বন্ধ হয়েছে কি না। একই অপরাধ আবার ঘটছে কি না।
পরীক্ষার ফল কী বলছে?
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে পরীক্ষিত ১ হাজার ৭১৩টি নমুনার মধ্যে ৫৭১টিতে ভেজাল, দূষণ অথবা পুষ্টিমানজনিত সমস্যা পাওয়া যায়। অর্থাৎ প্রায় ৩৩ দশমিক ৩ শতাংশে। আগের দুই অর্থবছরে হার ছিল যথাক্রমে ৮ দশমিক ৫ ও ১৫ দশমিক ৪ শতাংশ। তবে এটি দেশের সব খাবারের চিত্র নয়। শুধু পরীক্ষিত নমুনার ফল। নমুনা সংগ্রহের পদ্ধতি ও পরীক্ষার পরিধি তুলনাযোগ্য কি না, তা না জেনে এই হার দিয়ে ভেজাল বৃদ্ধির মাত্রাও বলা যায় না।
ভেজাল ও দূষণ এক নয়
সস্তা উপাদান মিশিয়ে দামি পণ্য হিসেবে বিক্রি করা প্রতারণা। নিষিদ্ধ রং মেশানো ভেজাল। আবার কেউ কিছু না মেশালেও খাবার অনিরাপদ হতে পারে। অপরিষ্কার পানি, ভুল সংরক্ষণ কিংবা কাঁচা খাবারের সংস্পর্শ থেকে জীবাণু ছড়াতে পারে। দূষিত মাটি ও পানি থেকে ধাতুও আসতে পারে। তাই সব সমস্যার সমাধান একই নয়। জরিমানার পাশাপাশি উৎপাদন ও সরবরাহের পরিবেশও ঠিক করতে হয়।
ল্যাব আছে, সক্ষমতায় ঘাটতি
খাবার পরীক্ষার জন্য যন্ত্রের পাশাপাশি প্রশিক্ষিত কর্মী দরকার। দরকার নিয়মিত রক্ষণাবেক্ষণ। ১৫ নভেম্বর দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে দেখা যায়, নারায়ণগঞ্জের জেলা মিনি ল্যাবে টেকনিশিয়ান নেই। খুলনায় প্রয়োজনীয় যন্ত্রের অভাবে জীবাণু পরীক্ষার ল্যাব চলছে না। চট্টগ্রাম মহানগরের ল্যাবেও আলাদা জনবল নেই।
এর মধ্যেই প্রায় ৩৯০ কোটি টাকায় ৭২টি ভ্রাম্যমাণ ল্যাব কেনার প্রস্তাব করেছে কর্তৃপক্ষ। লক্ষ্য ২০৩০ সালের জুনে প্রকল্প শেষ করা।
বর্তমানে আটটি বিভাগীয় শহরে এমন ভ্যান চলছে। তবে এগুলো সব এলাকায় পৌঁছাতে পারে না। সব ধরনের ভেজালও ধরতে পারে না।
তাই নতুন ল্যাবের সঙ্গে দক্ষ কর্মী ও কার্যকর পরীক্ষাব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
দোকান থেকে উৎসে যেতে হবে
একটি দোকানে অনিরাপদ পণ্য পাওয়া গেল। জরিমানাও হলো। কিন্তু সমস্যা যদি কারখানায় তৈরি হয়? একই চালানের পণ্য যদি আরও দোকানে যায়? তাহলে শুধু একটি দোকানে ব্যবস্থা নিলে ঝুঁকি শেষ হবে না।
কাঁচামাল কোথা থেকে এসেছে, কোথায় পণ্য তৈরি হয়েছে এবং কোথায় সরবরাহ হয়েছে—এসবের নথি দরকার। তবেই উৎস শনাক্ত ও সমস্যাযুক্ত পণ্য সরানো সহজ হবে।
নিরাপদ খাদ্য আইনের ১৩ ধারায় উৎপাদন থেকে বিক্রয় পর্যন্ত নজরদারি এবং সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ের দায়িত্ব কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।
জরিমানার পরও কাজ থাকে
আইনের ৪৩ ধারায় নির্দিষ্ট পরিস্থিতিতে প্রশ্নবিদ্ধ খাবার বাজার বা ভোক্তার কাছ থেকে প্রত্যাহারের ব্যবস্থা রয়েছে। জনসাধারণকে জানানোর কথাও রয়েছে।
তাই জানতে হবে, কত পণ্য প্রত্যাহার হলো। ভোক্তাকে সতর্ক করা হলো কি না। ত্রুটি সংশোধনের পর আবার পরীক্ষা হলো কি না।
পরীক্ষার তথ্য দিয়েও নজরদারি সাজাতে হবে। যে পণ্য, এলাকা বা প্রতিষ্ঠানে বারবার সমস্যা হচ্ছে, সেখানে বাড়াতে হবে পরীক্ষা।
ক্ষতি দীর্ঘমেয়াদিও
অনিরাপদ খাবারের ক্ষতি শুধু পেটের অসুখ নয়। সিসা শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ক্ষতিগ্রস্ত করতে পারে। আর্সেনিকের দীর্ঘমেয়াদি প্রভাবে হৃদ্রোগ ও কয়েক ধরনের ক্যানসারের ঝুঁকি রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, ২০২১ সালে অনিরাপদ খাবারের কারণে বিশ্বে প্রায় ৮৬ কোটি ৬০ লাখ অসুস্থতার ঘটনা এবং ১৫ লাখ ২০ হাজার মৃত্যু হয়। এটি বাংলাদেশের হিসাব নয়।
সাফল্যের উদাহরণও আছে
বাংলাদেশের হলুদে সিসাযুক্ত রং ব্যবহার ঠেকানোর উদ্যোগ নিয়ে গবেষণায় আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে। সচেতনতা, দ্রুত পরীক্ষা ও আইন প্রয়োগের পর গবেষণার বাজার-নমুনায় শনাক্তযোগ্য সিসার উপস্থিতি ২০১৯ সালের ৪৭ শতাংশ থেকে ২০২১ সালে শূন্যে নামে। তবে এতে দেশের সব হলুদ সিসামুক্ত প্রমাণিত হয় না। নির্দিষ্ট সমস্যা ধরে ধারাবাহিক ব্যবস্থা নিলে ফল আসে।
ভোক্তারও পরিচ্ছন্নতা, নিরাপদ পানি, সঠিক সংরক্ষণ ও ভালোভাবে রান্নার বিষয়ে সতর্ক থাকা দরকার। তবে উৎপাদনের অনিয়মের দায় রান্নাঘরে চাপানো যায় না। নিরাপত্তার আসল মাপকাঠি জরিমানার টাকা নয়। দূষণের উৎস বন্ধ হলো কি না, অনিরাপদ পণ্য সরল কি না এবং একই অপরাধ কমল কি না—সেই উত্তরই জরুরি।