কুমিল্লা-ময়মনসিংহে নির্বাচন

চলছে ভোট গণনা, কে এগিয়ে

বিচ্ছিন্ন সংঘাতের মধ্য দিয়ে শেষ হয়েছে কুমিল্লা সিটির উপনির্বাচন। এদিকে ময়মনসিংহ সিটি নির্বাচনে ইভিএমে ভোট দিতে বিড়ম্বনার অভিযোগ করেছেন প্রার্থী ও ভোটাররা। এখন চলছে দুই সিটিতে ভোট গণনা। 

শেষ খবর পাওয়া পর্যন্ত কুমিল্লা সিটি উপ-নির্বাচনে ৪৫ কেন্দ্রে তাহসীন বাহার (বাস) পেয়েছেন ২১ হাজার ৪৭৩ ভোট ও মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি) পেয়েছেন ১১ হাজার ৪১৭ ভোট। আর ময়মনসিংহ সিটি নির্বাচনে ১৫ কেন্দ্রে ইকরামুল হক টিটু (টেবিল ঘড়ি) পেয়েছেন ১১ হাজার ৯৫৯ ও সাদেকুল হক খান মিল্কি (হাতি) ২ হাজার ৫০৩ ভোট পেয়েছেন।

বিকেল চারটায় শেষ হয়েছে ভোটগ্রহণ। আগে থেকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল কুমিল্লা সিটির ১০৫ কেন্দ্রকে। তবে ভোটের শুরুটা শান্তিপূর্ণ হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছড়ায় উত্তাপ। 

১৯ নম্বর ওয়ার্ডের মুন্সি এম আলি উচ্চবিদ্যালয় কেন্দ্রে দুপক্ষের মধ্যে হয় গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হন একজন। কুমিল্লায় ইভিএমে ভোট দিয়েছেন ২ লাখ ৪২ হাজার ৬৯৮ জন ভোটার। 

অন্যদিকে, ময়মনসিংহ সিটি নির্বাচনে সকাল থেকেই কেন্দ্রমুখী হন ভোটাররা। তবে, লাইনে দাঁড়ানোর পর নারী ভোটারদের অনেককে পড়তে হয় বিড়ম্বনায়। আঙুলের ছাপ না মেলায় দেরি হয় ভোট দিতে। মেয়র প্রার্থী ইকরামুল হক টিটুও অভিযোগ করেন ইভিএম নিয়ে। কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশেই শেষ হয় ময়মনসিংহ সিটি নির্বাচনের ভোটগ্রহণ।