ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসাইলের বাঐখোলা এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দৃর্বৃত্তরা। এছাড়া ফেনী–চট্টগ্রাম সড়কের ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।
বুধবার রাতের ভিন্ন ভিন্ন সময়ে এসব ঘটনা হয়।
টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বুধবার দিনগত রাত ১২টার দিকে বাসাইলের বাঐখোলা এলাকায় বাংলা স্টার পরিবহনের বাসে আগুন দেওয়া হয়।
গোড়াই হাইওয়ে থানার ওসি মো. সোহেল সারোয়ার বলেন, ‘বাঐখোলা এলাকায় দুর্ঘটনার কারণে কয়েক কিলোমিটার এলাকায় যানজট ছিল। এর মধ্যে পাবনাগামী বাংলা স্টার পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।’
ওসি আরও বলেন, ‘বাসের চালক ও হেলপার জানিয়েছে যাত্রীবাহী বাসের পেছনে শব্দ হয়। পরে বাসে আগুন লাগলে যাত্রী ও চালক হেলপার নেমে যায়।’
ফেনী: ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তরা আগুন দেওয়ায় বাসের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এ ঘটনা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশে পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা ফেনী-চট্টগ্রাম সড়কে চলাচলরত রনি-রানা পরিবহনের একটি বাসে হঠাৎ কে বা কারা আগুন ধরিয়ে দেয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়েছে। আগুনে বাসের ভেতরে সামনের অংশ পুড়ে গেছে। এটি নাশকতা হতে পারে।’
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। এটি নাশকতার অংশ কিনা খতিয়ে দেখা হচ্ছে।’