কুষ্টিয়া ও নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

কুষ্টিয়ার মহিষাডাঙ্গা ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছেন। নিহত দুইজনকে ডাকাত বলে দাবি করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গতরাতে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো একদল ডাকাত। খবর পেয়ে, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মহিষাডাঙ্গা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে ডাকাতরা। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয় একজন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে, তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এদিকে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নজরুল ইসলাম নামে এক ডাকাত নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/জে-এফ/