ঝালকাঠির কাঠালিয়ায় ট্রিপল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইদ্রিস শিকদারকে (৪৯) ঢাকার সবুজবাগের একটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার র্যাব-৩ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে র্যাব জানায়, ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার মহিষকান্দি গ্রামে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বড় ভাই মানিক শিকদারের সাথে ইদ্রিস শিকদার ও তার ভাই কুদ্দুস শিকদারের বিরোধ চলছিল। দুই ভাই মিলে পূর্ব পরিকল্পিতভাবে মানিক শিকদারকে খুন করার সুযোগ খুঁজতে থাকে।
২০০৮ সালের ২৭ জুলাই রাত আনুমানিক সাড়ে ৮টায় হত্যার উদ্দেশ্যে ইদ্রিস শিকদার ও কুদ্দুস শিকদার দা নিয়ে ইদ্রিস শিকদারের ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শেফালী বেগম ও ভাই মানিক শিকদারের ওপর হামলা চালায়। এলোপাথারি কিল, ঘুষি, লাথিসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের মাধ্যমে গুরুতর জখম করে। এক পর্যায়ে মানিক শিকদার ও শেফালী বেগম অচেতন হয়ে পড়লে ভিকটিমের পরিবার তাদের কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সাথে ইদ্রিস শিকদার নিজেই বাদী হয়ে কাঠালিয়া থানায় ভূয়া হত্যা মামলা করেন। কাঠালিয়া থানার পক্ষ থেকে তদন্ত শেষে ভূয়া মামলা প্রমাণ পেয়ে পুলিশ বাদী হয়ে ইদ্রিস শিকদারকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন। দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা রুজু হয়। মামলার প্রেক্ষিতে ঝালকাঠির বিশেষ দায়রা জজ আদালত ইদ্রিস শিকদারকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। মামলা রুজু হওয়ার পর থেকে আসামি দেশের বিভিন্ন স্থানে পরিচয় গোপন করে পলাতক অবস্থায় জীবনযাপন করে আসছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের কার্যক্রম প্রক্রিয়াধীন।