কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর এলাকায় বিপজ্জনকভাবে প্যারাসেইলিং পরিচালনার সময় পর্যটক অক্ষর সৌভিক রায়ের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি মো. ফরিদকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগ এলাকার আজাদ মিনি মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তার মো. ফরিদ কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার আব্দুল হাইয়ের ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১৫ কক্সবাজারের ব্যাটালিয়ন সদর এবং র্যাব-৪ ঢাকার একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। গত ১ আগস্ট দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগর সৈকতে ফরিদের পরিচালিত প্যারাসেইলিংয়ে অংশ নেন খুলনার পর্যটক অক্ষর সৌভিক রায়।
নিরাপত্তাজনিত অবহেলার কারণে উড্ডয়নরত অবস্থায় প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে তিনি সমুদ্রে পড়ে যান। ঘটনাস্থলে তাৎক্ষণিক উদ্ধার ব্যবস্থা না থাকায় বিলম্বে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।