ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন প্রকল্প দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে সরকার: সড়কমন্ত্রী 

ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্প দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা জানান। 

মন্ত্রী বলেন, দীর্ঘদিনেও প্রকল্পটির অগ্রগতি সন্তোষজনক ছিল না। গত ছয় মাসে ভূমি অধিগ্রহণের অগ্রগতি ২০ শতাংশ থেকে বেড়ে ৫৬ শতাংশ হয়েছে। আগামী দুই মাসের মধ্যে ভূমি অধিগ্রহণ শতভাগ সম্পন্ন হবে। বর্তমানে প্রকল্পের দৃশ্যমান কাজের অগ্রগতি ২৭ শতাংশ। এর আগে সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের প্রকল্পের বিভিন্ন অংশ পরিদর্শন করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।
 
সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক খুব গুরুত্বপূর্ণ সড়ক। এর ৬ লেনের কাজ চলছে। অনেক আগেই এ প্রকল্প নেওয়া হয়। কিন্তু সাড়ে ৪ বছর হয়ে গেলেও এর অগ্রগতি সন্তোষজনক ছিলেনা। বর্তমান সরকার প্রকল্পটি দ্রুততম সময়ে বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ভূমি অধিগ্রহণ ৪ বছরে হয়েছিলে ২০ শতাংশের কাছাকাছি। ভৌত কাজ বলার মতো নয়, ১২/১৩ শতাংশ। গত ৬ মাসে নানা পদক্ষেপ নিয়ে ভূমি অধিগ্রহণ ৫৬ শতাংশ করা হয়েছে। ২ মাসের মধ্যে সেটি শতভাগ হবে। এখন ভৌত কাজের অগ্রগতি ২৭ শতাংশ।

এর আগে মন্ত্রী ও প্রতিমন্ত্রী "সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প"-এর বিভিন্ন অংশ পরিদর্শন করেন।