শ্রমিক মৃত্যুর গুজবে গাজীপুরে সাড়ে চার ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকেরা। পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়ার পর বেলা আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষুব্ধ শ্রমিকের মুখোমুখি পুলিশ। কাদানে গ্যাস ছুড়ে আর লাঠিপেটা করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা চলে কয়েক ঘণ্টা ধরে। প্রায় সাড়ে চার ঘণ্টা পর, বেলা আড়াইটার দিকে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
ডেগেরচালা এলাকার নিট অ্যান্ড নিটেক্স কারখানায় শনিবার পানি পানে অসুস্থ হয়ে পড়েন কিছু শ্রমিক। তাদের মধ্যে কয়েকজনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। শনিবার বিকেলেই এলাকায় একদফা বিক্ষোভ করেন পোশাক শ্রমিকেরা। রোববার সকালেও দ্বিতীয় দফা বিক্ষোভ শুরু হয়।
শ্রমিক মৃত্যুর গুজবে উত্তেজিত শ্রমিকদের সঙ্গে বকেয়া বেতনের দাবিতে যুক্ত হন আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভাঙচুর করা হয় কয়েকটি যানবাহন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ছুটি ঘোষণা করা হয় অন্তত ৫০টি কারখানায়।
পুলিশ বলছে, শ্রমিক মৃত্যুর অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। অসুস্থ শ্রমিকেরা হাসপাতালে চিকিৎসা নেয়ার পর বাড়িতে ফিরে গেছেন।
অন্যদিকে, বকেয়া বেতনের বিষয়টি সুরাহার জন্য সংশ্লিষ্ট কারখানা মালিকদের সঙ্গে বৈঠক করেছে বিজিএমই কর্তৃপক্ষ।
/এন-এইচ/