মজুরি বাড়ানোর দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকেরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে আহত হন ২০ পুলিশসহ অন্তত ৭০ জন। প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক।
ফতুল্লা ভোলাইল এলাকার এন আর গ্রুপের শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবিতে সকাল ১০টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে বন্ধ হয়ে যায় নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের যান চলাচল।
ফতুল্লা থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করলে.. শ্রমিকরা ইট-পাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার সেল ও শর্টগানের গুলি ছুঁড়লে শুরু হয় দুপক্ষের সংঘর্ষ। এতে আহত হন অন্তত ৭০ জন।
পরে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান কারখানা মালিকের সাথে কথা বলেন। মালিকের পক্ষ দাবি পূরণের আশ্বাস দিলে বেলা ১টার দিকে শ্রমিকেরা রাস্তা থেকে অবরোধ তুলে নেয়।
এলাকার পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনো অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এর আগে, একই দাবিতে গত সোমবার ফতুল্লার বিসিক শিল্প নগরীতে ফকির গ্রুপের শ্রমিকেরা বিক্ষোভ ও রাস্তা করে। এ সময় পুলিশের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন।
//আরএইচ//