ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনলাইন নিবন্ধনের শুমারি শুরু

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের অনলাইন নিবন্ধনের জন্য শুমারী কার্যক্রম শুরু হয়েছে শ্রীমঙ্গলে। মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম আগামী ১৬ ফ্রেব্রুয়ারী পর্যন্ত চলবে। প্রশাসন বলছে, শুমারী শেষ হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সঠিক সংখ্যা যেমন জানা যাবে, তেমনি প্রশাসনের কাছ থেকেও সহজেই মিলবে প্রয়োজনীয় সেবা।

মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রায় ৬৫ হাজার মানুষের বাস। উচ্চ শিক্ষা থেকে চাকরী-জীবনের এমন নানা পর্যায়ে এসব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের প্রশাসনিক সনদ সংগ্রহে প্রায়ই অনেক সময় লাগে। সঠিক তথ্য না থাকায় অনেক ক্ষেত্রে তৈরি হয় জটিলতা।

নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এসব নৃ-গোষ্ঠীর মানুষদের সনদ প্রাপ্তির এ বিড়ম্বনা থেকে রক্ষা পেতে প্রয়োজন একটি স্বচ্ছ তথ্যভান্ডার।

ইতিমধ্যেই সে লক্ষ্যে মাঠ পর্যায়ে শুরু হয়েছে কাজ। বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন মাঠ কর্মীরা। মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় চলছে এখানকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের শুমারি।

বাংলাদেশে প্রথমবারের মতো মৌলভীবাজার জেলায় শুরু হয়েছে এ কার্যক্রম। শুমারী শেষ হলে অনলাইনে নিবন্ধিত হবে এসব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের প্রয়োজনীয় তথ্য।

ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শুমারী কার্যক্রম। শ্রীমঙ্গল উপজেলা শেষে পর্যায়ক্রমে জেলার সবকটি উপজেলায় এ শুমারী চালানো হবে বলে জানিয়েছে প্রশাসন।

/এম-আই/