রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর ওপর নির্মিত রেলসেতুর স্থায়িত্বকাল ৮৫ বছর আগে শেষ হয়ে গেলেও সংস্কারের মাধ্যমে রেলগাড়ি চালাচ্ছে রেল বিভাগ। মেয়াদোত্তীর্ণ রেলসেতুটির উপর দিয়ে লালমনিরহাট রেল ডিভিশনের ১২টি রুটে প্রতিদিন চলাচল করছে অন্তত ২০টি ট্রেন।
সীমান্তবর্তী লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় সরাসরি যোগাযোগ স্থাপনে তিস্তা নদীর উপর ১৮৩৪ সালে নির্মিত হয় ২ হাজার একশ ১০ ফুট লম্বা তিস্তা রেলসেতু। মেয়াদকাল ধরা হয় একশ বছর। ৮৫ বছর আগে মেয়াদোত্তীর্ণ হলেও এখনো রেলসেতুটি দিয়ে প্রতিদিন চলছে ২০টি ট্রেন।
পুরোনো এই সেতুর অনেকস্থান নড়বড়ে হয়ে গেছে, অনেক জায়গায় দেখা দিয়েছে ফাটল। এরপরও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে দুইজেলার বাসিন্দারা।
বিষয়টি স্বীকার করে রেল কর্তৃপক্ষ বলছে, এই সেতুর পাশেই আরেকটি নতুন সেতু নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে, যা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, গুরুত্বপূর্ণ এই রেলসেতুর এক কিলোমিটার দূর থেকে বালু উত্তোলন বন্ধের সিদ্ধান্ত হলেও সেতুর নীচ থেকেই বালু উত্তোলন করছে প্রভাবশালী মহল। এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।
শিগগিরই সেতুটি পুনঃনির্মাণের দাবি এ অঞ্চলের মানুষের।
/এইচ.এ/