রামকৃষ্ণ মিশন স্কুলের অভিযুক্ত শিক্ষককে শোকজ

রামকৃষ্ণ মিশন স্কুলের নবম শ্রেনীর পরীক্ষায় পর্নোতারকার নাম থাকার ঘটনায় অভিযুক্ত শিক্ষকের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে কর্তৃপক্ষ। শংকর চক্রবর্তী নামের ওই শিক্ষককে কারণ দর্শাতেও বলেছে স্কুল কর্তৃপক্ষ। এদিকে শিক্ষামন্ত্রী বলছেন, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

রাজধানীর রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্নপত্রে দুটি প্রশ্নের সম্ভাব্য উত্তরে দুই পর্ন তারকার নাম আসে। এই প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তুমুল সমালোচনা।

স্কুল কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত করলে সংশ্লিষ্টতা পাওয়া যায় বাংলা বিভাগের শিক্ষক শংকর চক্রবর্তীর বিরুদ্ধে। রোববার স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভায় ওই শিক্ষকের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে, শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেছেন, অভিযুক্তের বিরুদ্ধে চূড়ান্ত প্রমাণ মিললে নেয়া হবে ব্যবস্থা।

প্রশ্নপত্রে ৮ নম্বর প্রশ্নটি ছিলো আম আটির ভেঁপু-কার রচিত? এতে চারটি বিকল্প উত্তরের একটি সানি লিওন বলে উল্লেখ করা হয়েছে। আবার ২১ নম্বর প্রশ্নে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম জানতে চাওয়া হলে বিকল্পের একটি ছিলো মিয়া খলিফা।

/এইচ.এ/