সুনামগঞ্জ ও কুড়িগ্রামে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম

টিসিবির ডিলারশিপ নেয়ার পরও সুনামগঞ্জ ও কুড়িগ্রামে অধিকাংশ ডিলারই পণ্য উত্তোলন ও বিক্রি করছে না। ফলে ন্যায্যদামে পণ্য কেনা থেকে বঞ্চিত হচ্ছেন ক্রেতারা। ভুক্তভোগীদের অভিযোগ, বেশি লাভের আশায় ডিলাররা যোগশাজস করে পণ্য উত্তোলন থেকে বিরত রয়েছেন।

সুনামগঞ্জের ১১ উপজেলায় টিসিবির ডিলার রয়েছে ২০ জন। এর মধ্যে পহেলা রমজান থেকে জগন্নাথপুর পৌর শহর ও রাণীগঞ্জ বাজারে মাত্র দুজন ডিলার পণ্য বিক্রি করছেন।

ক্রেতাদের অভিযোগ, বাড়তি লাভের সুযোগ না থাকায় অন্য ডিলাররা পণ্য বিক্রি করছে না। সরকারি নির্দেশনা মানা না হলে ডিলারশিপ বাতিলের কথা থাকলেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ কারণে সরকার নির্ধারিত মূল্যে পণ্য কেনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

সারাদেশে টিসিবির পণ্য বিক্রি হলেও সুনামগঞ্জে গত কয়েক বছর ধরে এই অনিয়ম চলছে বলে অভিযোগ রয়েছে । তবে ডিলাররা বলছেন, চাহিদামতো পণ্য পাচ্ছেন না তারা।

কুড়িগ্রামেও টিসিবি'র সব ডিলার পণ্য উত্তোলন না করায় ন্যায্য মূল্যে পণ্য ক্রয় থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। ক্রেতাদের অভিযোগ, নির্ধারিত পাঁচটি পণ্য যে পরিমাণে বিক্রি করার কথা তাও মানা হচ্ছে না।

টিসিবি'র পণ্য সঠিকভাবে বিতরণে মনিটরিং ব্যবস্থা জোরদারের আশ্বাস দিলেন জেলা প্রশাসক।

কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীন বলেন, বাজারে যে দাম আছে তার থেকে কম। কুড়িগ্রামে ট্রাকে করে ডিলাররা বিক্রি করছে। আমরা মনিটরিং করছি। বাজার মনিটরিংয়ের সাথে আমরা দেখছি। ঠিকমত বিক্রি হচ্ছে কীনা।

এ জেলায় ২৪ জন ডিলারের মধ্যে পণ্য তুলে বিক্রি করছেন মাত্র দু'জন।


/এমবি/