জামালপুরে অতি দরিদ্রদের জন্য ইজিপিপি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ উঠেছে। কোথাও কোথাও কাগজে-কলমে শ্রমিক নিয়োগ দেখানো হলেও এখনও কোনো শ্রমিক নেই মাঠে। কর্মকর্তারা বলছেন, সঠিকভাবে প্রকল্প বাস্তবায়ন না হলে দেয়া হবে না কোনো টাকা।
অতি দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি প্রকল্প-ইজিপিপি-র আওতায় জামালপুরের ৭ উপজেলায় বরাদ্দ দেয়া হয় ২০ কোটি টাকা। ২৬ হাজার নারী ও পুরুষ শ্রমিকের মজুরি বাবদ দেয়া হয় এই বরাদ্দ। প্রকল্পের কাজ শুরুর কথা ২৭ এপ্রিল থেকে।
এর আওতায় জামালপুর সদর উপজেলায় কিছু প্রকল্পের কাজ হলেও মেলান্দহের চিত্র ভিন্ন। এই উপজেলায় ১১ ইউনিয়নে ৫৭টি প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য কাগজে-কলমে ৩ হাজার ৫৩০ জন শ্রমিক নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু অনেক প্রকল্প এলাকায় মাঠে কোনো শ্রমিক নেই বলে অভিযোগ স্থানীয়দের।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্পের সভাপতি ইউনিয়ন পরিষদ সদস্য এবং চেয়ারম্যানদের বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, প্রতিটি প্রকল্পে কাজের তদারকি চলছে। অনিয়ম হয়ে থাকলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
কেবল মেলান্দহ নয়, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার প্রকল্প বাস্তবায়নের চিত্র কমবেশি একইরকম। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানিয়েছেন, কাজ শেষ না হওয়া কাউকে পর্যন্ত বিল দেয়া হবে না।
স্থানীয়রা বলছেন, এসব প্রকল্পের মাধ্যমে অতি দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ থাকলেও অনিয়মের কারণে ভেস্তে যেতে বসেছে মূল উদ্দেশ্য।
/এন-এইচ/