লক্ষ্মীপুরে মাত্র ৫ চিকিৎসক দিয়েই চলছে স্বাস্থ্য কমপ্লেক্স

চিকিৎসক-নার্স সংকটসহ নানা সমস্যায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আট জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকার কথা থাকলেও নেই একজনও। যোগ দেয়ার ১৫ মাসেও কর্মস্থলে উপস্থিত হননি এক চিকিৎসক।

২০০৯ সালে চর আলেকজান্ডারের ২০ শয্যার হাসপাতাল ৩১ শয্যায় উন্নীত করে শুরু হয়, রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। শয্যা সংখ্যা বাড়লেও দীর্ঘদিনেও সে অনুযায়ী জনবল পায়নি হাসপাতালটি।

১৬ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র ৫ জন। নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর অনেক পদও খালি। এই সংকটের প্রভাব পড়ছে সেবায়।

সংকট আরও বাড়িয়ে তুলেছে চিকিৎসকদের অনুপস্থিতি। ১৫ মাসেও কর্মস্থলে যোগ দেননি চিকিৎসক আবিদা সুলতানা। আরেক চিকিৎসক কামনা শীষ মজুমদারের বিরুদ্ধে অভিযোগ- কর্মস্থলে না এসে ক্লিনিকে রোগী দেখার।

রামগতি উপজেলায় বসবাস প্রায় ৪ লাখ মানুষের। চরাঞ্চলসহ দুর্গম অনেক এলাকার মানুষের চিকিৎসার একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি।

/এন-এইচ/