চাঁদপুরের মতলবে দক্ষিণে পূর্ব কলাদী জামে মসজিদের ইমামের কক্ষ থেকে উদ্ধার হয়েছে তিন শিশুর মরদেহ। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ বলছে, বদ্ধ ওই ঘরে বিষাক্ত গ্যাস থাকতে পারে। জুম্মার নামাজের কিছুক্ষণ পর তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জুম্মার নামাজের পর ইমামের কাছে গিয়ে মসজিদের পাশেই তার ঘরের দরোজা বন্ধ পান স্থানীয়রা। পরে ভেতর থেকে কোনো সাড়া না আসায় ভেঙে ফেলা হয় দরোজা। সেখানে অচেতন অবস্থায় পাওয়া যায় তিন শিশু আবদুল্লাহ আল নোমান, ইব্রাহীম ও রিফাতকে। এদের মধ্যে আবদুল্লাহ, ইমাম জামাল উদ্দীনের ছেলে।
উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে ৩ শিশুকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।
স্থানীয়রা বলছেন, মসজিদের মোয়াজ্জিন নিয়োগ নিয়ে এক তরুণের বিরোধ চলছিলো মসজিদ কমিটির সঙ্গে। আর নিহত শিশু রিফাত এক সপ্তাহ ধরে মোয়াজ্জিনের দায়িত্ব পালন করছিল।
ইমামের ঘরে বিষাক্ত গ্যাস ছিল বলে ধারণা করছে পুলিশ। এ কারণেই শিশু তিনটির মৃত্যু হয়ে থাকতে পারে বলেও মনে করছে তারা।
এ ঘটনার তদন্ত গুরুত্ব দিয়ে করা হচ্ছে জানিয়ে, পুলিশ সুপার বলছেন, দ্রুতই রহস্যের জট খুলবে।
/এম-আই/