সিরাজগঞ্জে ব্রিটিশ আমলে নির্মিত রেলসেতু ঝুকিপূর্ণ অবস্থায়

সিরাজগঞ্জের উল্লাপাড়ার দুটি রেল সেতু এখন ঝুঁকিপূর্ণ অবস্থায়। ব্রিটিশ আমলে নির্মিত সেতু দুটির পিলার ও দেয়ালে দেখা দিয়েছে ফাঁটল। এতে দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি যেকোনো সময় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

উল্লাপাড়ার মোহনপুরে চলন বিলের বুক চিড়ে চলে গেছে রেললাইন। বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর এই পথে ট্রেন চলাচল বেড়েছে কয়েকগুণ। কিন্তু, ব্রিটিশ আমলে নির্মিত কামারপাড়া ২৯ নম্বর সেতু এবং বংকীর হাটের ২৬ নম্বর রেলসেতুর জীর্ণদশা কাটেনি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সেতু দুটি।

দিনে দিনে স্পষ্ট হয়ে উঠছে পিলার ও দেয়ালের ফাটল। ক্ষতিগ্রস্ত অংশে লোহার অ্যাঙ্গেল ও কাঠের স্লিপার লাগিয়ে জোড়াতালি দিয়ে টিকিয়ে রাখা হয়েছে সেতু দুটি। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে লাল পতাকা উড়িয়ে গতি কমানোর সংকেত দেয়া হয় ট্রেনগুলোকে।

গুরুত্বপূর্ণ সেতু দুটি সংস্কারের বিষয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

কামারপাড়ার রেল সেতুটি ১৮২৭ সালে এবং বংকীর হাটের সেতুটি ১৯১৪ সালে নির্মিত হয়। এই রেলপথে দিনে অন্তত ২০টি আন্তঃনগর, লোকাল ও মালবাহী ট্রেন চলাচল করে।


//এম-এম//