বরখাস্ত সহকারী কর কমিশনার মেজবাহকে গ্রেপ্তার করেছে দুদক

খুলনার বরখাস্ত হওয়া সহকারী কর কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদকে অর্থ আত্মসাতের দায়ে গ্রেপ্তার করেছে দুদক। নগরীর বয়রা সবুরের মোড় এলাকা থেকে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক নাজমুল হাসান জানান, মেজবাহ উদ্দিন খুলনা, মাগুরা ও বাগেরহাটে কর্মরত অবস্থায় বিভিন্ন কায়দায় করদাতাদের দেয়া ৩ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৪শ ১৯ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাত করেন।

এ ঘটনায় গত ২৭ মে খুলনার কর অঞ্চলের উপ কর-কমিশনার খন্দকার মো. তারিফ উদ্দিন বাদী হয়ে খুলনা মহানগর আদালতে মামলা করেন। আদালতের বিচারক তরিকুল ইসলাম মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

এর আগে ১৯ মে মেজবাহ উদ্দিনকে অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত করে কর অঞ্চল খুলনা।