পদ্মাসেতুর কাছে অবৈধ বালু উত্তোলনে ভাঙনঝুঁকি বাড়ছে

শরীয়তপুরে পদ্মাসেতুর খুব কাছ থেকেই দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু তুলছে স্থানীয় প্রভাবশালী চক্র। বৈধ অনুমতি ছাড়াই প্রতিদিন গড়ে আড়াই থেকে তিন লাখ ঘনফুট বালু তুলে বিক্রি করছে চক্রটি। এতে পদ্মাসেতুর ক্ষতির পাশাপাশি আশপাশের কয়েকটি গ্রামও ভাঙনের ঝুঁকিতে পড়েছে।

পদ্মাসেতুর জাজিরা প্রান্তের খুব কাছেই পাইনপাড়ায় পদ্মা নদী থেকে অন্তত ৮টি ড্রেজার দিয়ে নিয়মিত বালু তুলে বিক্রি করছে সংঘবদ্ধ চক্র। নিয়ম অনুযায়ী নদী থেকে বালু তুলতে ঘনফুটে রাজস্ব দিতে ১ টাকা ৫০ পয়সা। এসব পয়েন্ট থেকে বছরে অন্তত ১০ কোটি ঘনফুট বালু তোলা হলেও সরকারি কোষাগারে জমা হচ্ছে না একটি পয়সাও। এতে বছরে অন্তত ১৫ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার।

বছরের পর বছর এভাবে বালু তুললেও নিয়মনীতির তোয়াক্কা করছে না প্রভাবশালী চক্রটি। ফেরিসহ নৌ চলাচল স্বাভাবিক রাখতেই বালু খননের দাবি তাদের।

স্থানীয় প্রশাসনের দাবি, বালু কাটার জায়গাটি শরীয়তপুর ও মুন্সিগঞ্জ সীমানার মাঝামাঝি হওয়ায় ব্যবস্থা নিতে সমস্যা হচ্ছে।

বালু মহাল ঘোষণা না থাকলেও পদ্মা নদী থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের।


//এম-এম//