১২ বছরেও সংস্কার হয়নি সিডরে ক্ষতিগ্রস্ত বেশ কিছু এলাকা

ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার ১২ বছরেও উপকূলের ক্ষতিগ্রস্ত বেশ কিছু এলাকায় এখনো সংস্কার হয়নি বাঁধ। বরগুনায় আবহাওয়া অফিস না থাকায় আগাম সতর্কতা না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। এমন অবস্থায় যে কোন দুর্যোগে আতঙ্কে থাকতে হয় উপকূলের মানুষদের।

২০০৭ সালে উপকূলীয় ১১টি জেলায় আঘাত হানে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর। যার তাণ্ডবে প্রাণ হারায় সাড়ে ৩ হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত ৮৫ লাখ।

বাগেরহাটের শরণখোলায় বেড়িবাধের ৬২ কিলোমিটার অংশ বিধ্বস্ত হয়। তিন বছরেও আগে সংস্কার শুরু হলেও শেষ হয়নি এখনো। এতে দুর্যোগে আতঙ্কে থাকেন উপজেলার দেড়লাখেরও বেশি মানুষ।

উপকূলীয় বাধ উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, আগামী অর্থবছরেই শেষ হবে নির্মাণকাজ, জলোচ্ছাস থেকে রক্ষা পাবে স্থানীয়রা।

সিডরের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতি হয় বরগুনায়, মারা যান অন্তত ১৫শ মানুষ। অথচ জেলায় আবহাওয়া অফিস না থাকায় সময়মতো সতকর্তা সংকেত না পাওয়ার অভিযোগ স্থানীয়দের।

পটুয়াখালী ও ঝালকাঠিতেও সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের সংস্কার বা পুনঃনির্মাণ হয়নি। এতে যে কোন ঝড়-জলোচ্ছাসে তলিয়ে যায় বাড়ি-ঘর, ক্ষতি হয় ফসলের।

/এন-এইচ/