শীতের প্রকোপে বীজতলা-সবজি ক্ষেত নষ্ট, ক্ষতির শঙ্কা

শীতের প্রকোপে ক্ষতির মুখে পড়ছে দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষেত-খামার। নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলাসহ শীতকালীন সবজির ক্ষেত। দেখা দিচ্ছে রোগবালাই। এতে ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।

পৌষের শুরুতেই শীতের প্রকোপে খেতের ফসল নিয়ে বিপাকে পড়েছেন নেত্রকোণার চাষিরা। কৃষি বিভাগ বলছে, ঘন কুয়াশা আর তীব্র শীতে আলুখেতে দেখা দিয়েছে লেট ব্লাইট রোগ। বোরো ধানের বীজতলা আক্রান্ত হচ্ছে কোল্ড ইনজুরিতে। ক্ষতি হচ্ছে সরিষা খেতেরও।

টানা এক সপ্তাহ ধরে ঘন কুয়াশা নীলফামারীতে। এতে লালচে রং ধারণ করেছে বোরো ধানের বীজতলা। ওষুধ প্রয়োগেও রক্ষা করা যাচ্ছে না, বলছেন চাষিরা।

শীতে বীজতলার পাশাপাশি ফুলকপি, বাঁধাকপি, আলু, পানের বরজসহ বিভিন্ন ফসলের ক্ষতি হচ্ছে নড়াইলে। এ নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা। তবে ক্ষতি কমাতে ব্যবস্থা নেয়ার কথা জানালেন কৃষি কর্মকর্তা।

এদিকে অতিরিক্ত ঠান্ডায় বোরো ধানের বীজতলা নষ্ট হচ্ছে নওগাঁয়ও। দ্বিতীয়বার বীজতলা তৈরি করতে হলে আর্থিক ক্ষতির কথা বলছেন চাষিরা। এ বিষয়ে কৃষি বিভাগের সহায়তা চেয়েছেন তারা।

/এম-আই/