সিরাজগঞ্জের চৌহালীর যমুনায় নৌকাডুবিতে এক শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পর পরই শেখ কামাল, পাসান শেখ ও শিশু নাঈমের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। আর এখনও নিখোঁজ আছেন ১৪ জন। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ স্থগিত করা হলেও সকালে আবার তা শুরু করার কথা জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে এনায়েতপুর থেকে প্রায় ৭১ যাত্রী নিয়ে সদর চৌহালীর দিকে যাচ্ছিল নৌকাটি। দুপুর ২টায় স্থলচর এলাকায় পৌঁছালে পড়ে ঝড়ো বাতাসের কবলে। হঠাৎ ঝড়ে সেখানেই ডুবে যায় যাত্রীবাহী নৌকাটি।
এরপর পরই ৫৪ জনকে জীবিত উদ্ধার করেন স্থানীয়রা। সেখানেই উদ্ধার হয় দুটি মরদেহ। অন্যটি পাওয়া যায় চৌহালীর খাস পুকুরিয়া এলাকায়।
এরপর ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিস। তবে বৈরী আবহাওয়ায় দুই ঘণ্টা পরই তা বন্ধ ঘোষণা করা হয়।
নৌকার আরোহীদের বেশির ভাগই ধানকাটা শ্রমিক। এখন নিখোঁজদের তালিকা তৈরি করছে পুলিশ।
চৌহালী উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহম্মেদ জানান, নৌকাডুবির ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
এদিকে নেত্রকোণার খালিয়াজুরীতে ইঞ্জিনচালিত নৌকাডুবে ২ জন নিখোঁজ রয়েছেন।
/এম-আই/