কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন শরীফ রেখে ধর্ম অবমাননা, মণ্ডপে ভাঙচুর-হামলার অভিযোগে গ্রেপ্তার হওয়া ইকবাল হোসেনসহ চারজনকে দ্বিতীয় দফা রিমান্ড শেষে কুমিল্লার আদালতে তোলা হচ্ছে বুধবার দুপুরে। সকালে কুমিল্লা সিআইডির বিশেষ পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান এ তথ্য নিশ্চিত করেন।
তৃতীয় দফায় সব আসামির আরো পাঁচ দিনের রিমান্ড চাওয়া হবে বলেও জানান এই সিআইডির কর্মকর্তা।
এর আগে গত শুক্রবার আসামিদেরকে আদালতে তোলা হয়েছিল। সেসময়, সিআইডির পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দ্বিতীয় দফায় পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
২৩ অক্টোবর এ মামলায় এই চার আসামিকে প্রথম দফায় সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ।
গত ১৩ই অক্টোবর নগরীর নানুয়ারদীঘির পাড়ে পূজাণ্ডপে কোরআন পাওয়ার ঘটনায় সিসি টিভির ফুটেজে অপরাধী শনাক্ত হয় ইকবাল। পরে তাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, কুমিল্লার ঠাকুরপাড়া কালী মন্দিরে ভাঙচুরের ঘটনায় ১৭ আসামিকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
/এ কে/