সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকসহ সংশ্লিষ্ট সকলের শাস্তি এবং আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতা-কর্মীরা। সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়।
সম্মেলনে একজন শ্রমিক তার কর্মকাল শেষ হওয়া পর্যন্ত যে পরিমান বেতন পেতেন, সেই অর্থ সব শ্রমিককে এককালীন দেয়ার দাবিসহ আহতদের চিকিৎসাকালীন সবেতন ছুটিসহ সুচিকিৎসা নিশ্চিত, আহতদের মধ্যে কেউ যদি স্থায়ী পঙ্গু হয়ে যায় তাদের ক্ষেত্রে আজীবন আয় এবং ভোগান্তি হিসাব করে তার সমপরিমাণ টাকা ক্ষতিপূরণ, কেউ আংশিক পঙ্গু হলে তাদের পুনর্বাসন ও অঙ্গহানি বিবেচনায় নিয়ে ক্ষতিপূরণের দাবি জানানো হয়।
এ ছাড়া নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম মহানগর ও আবাসিক এলাকা থেকে সব ডিপো স্থানান্তরের দাবি জানানো হয়।
এ সময় মালিকপক্ষকে বাদ দিয়ে আহতদের আসামি করে মামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তারা। সংবাদ সম্মেলনে আগামী ১৬ জুন প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও ৩০ জুন বিএম কন্টেইনার ডিপোতে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হয়।
গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর গ্রামে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর একের পর এক বিস্ফোরণে তা ছড়িয়ে পড়ে। ডিপোতে থাকা রাসায়নিকের কারণে ছড়িয়ে পড়া ওই আগুন ৮৬ ঘণ্টা পর বিভিন্ন বাহিনীর চেষ্টায় নেভানো হয়।
বিস্ফোরণের ৯ দিন পর সোমবার আরো একজনের দেহাবশেষ উদ্ধারের পর এ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে।
/এম.এস/