নড়াইলের সকল স্কুল-কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে প্রশাসন। গেলো ২৮ জুন জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।
সম্প্রতি নড়াইলের মীর্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের এক ছাত্রের বিতর্কিত ফেসবুক পোস্টকে কেন্দ্র করে অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান বলেন, নড়াইলে মোবাইল ফোনের অপব্যবহারের প্রবণতা বৃদ্ধিসহ শিক্ষার্থীদের নানা ধরনের সাইবার অপরাধে জড়িয়ে পড়ার বর্তমান প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, নির্দেশনাটি কঠোরভাবে বাস্তবায়নের জন্য শিক্ষকদের তৎপর থাকতে হবে। প্রয়োজনে শিক্ষার্থীদের ব্যাগ তল্লাশি করতে হবে। কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ নিয়ে সচেতন করতে ঈদ-উল-আজহার ছুটির পর অভিভাবক সমাবেশ করতে হবে।
নির্দেশনায় আরো উল্লেখ করা হয়েছে, সম্প্রতি নড়াইলের ইউনাইটেড ডিগ্রি কলেজে এবং মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার বন্ধে চারটি নির্দেশনা জারি করা হয়েছে।
এদিকে, মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের একাদশ শ্রেণি ও মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে চরম অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হয়েছে। ফলে প্রতিষ্ঠান দুটি সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।
/জে পি/