গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক- আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
বৃহস্পতিবার দুপুরে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি।
এসময় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এসবি) মনিরুল ইসলাম, টুরিস্ট পুলিশ প্রধান হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম, বরিশাল রেঞ্জের ডিআইজি এস.এম আক্তারুজ্জামান, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেড় বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।গত ৯ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়। গত ১১ জানুয়ারি তার চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
/গোপালগঞ্জ থেকে প্রসূন মণ্ডল/