ওয়েবসাইটে বই দেওয়া আছে, শিক্ষকরা সেখান থেকে পড়াতে পারেন: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যবই পাওয়া না গেলে শিক্ষকরা ওয়েবসাইট থাকা বইয়ের সহযোগিতায় পড়াতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শুক্রবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই না পৌঁছানো নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যবই না পাওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, কোথাও বই পৌঁছাতে দেরি হয়ে থাকলে অবশ্যই তা দেখবে মন্ত্রণালয়। এরপরও ব্যত্যয় ঘটলে ওয়েবসাইটে প্রতিটি বই দেওয়া আছে, সেখান থেকে শিক্ষকরা শিক্ষার্থীদের পড়াতে পারবেন।

শিক্ষামন্ত্রী বলেন, যে সকল শিক্ষার্থীদের বই দেওয়া বাকি ছিল, তাদেরকে ২৫ জানুয়ারির মধ্যে সমস্ত বই দিয়ে দেওয়ার কথা ছিল। কাজেই কোথাও যদি বই পৌঁছতে দেরি হয়ে থাকে অবশ্যই আমি তা দেখব।

দীপু মনি বলেন, শুধু জ্ঞানভিত্তিক নয়, দক্ষতাভিত্তিক, সফটস্কিল ও মূল্যবোধ শিখার মধ্য দিয়ে শিক্ষার্থীরা স্মার্ট নাগরিক হয়ে উঠবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আমাদের যাতায়াত ও বিদ্যুৎ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ, প্রতিটি মানুষের হাতে মোবাইল। সত্যিই আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাত্রা শুরু করেছি।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ।

/ই.হ/