মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

মাগুরায় সদর উপজেলার গাংনি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে শাহিদুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই সদস্যসহ অন্তত ছয় জন আহত হয়েছেন। সোমবার (২০ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।

সদর থানার এসআই মাসুম জানিয়েছেন, রাত ৯টার দিকে গাংনি বালিকা বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এ সময় পাশেই ওই গ্রামের শাহিদুল মোল্লা ও আম্মান নামে দুই যুবকের মাঝে আধিপত্য বিস্তারজনিত একটি কারণে সংঘর্ষ চলছিল। সংঘর্ষের এক পর্যায়ে আম্মান শাহিদুলকে ছুরিকাঘাত করেন। এতে শাহিদুল গুরুতর আহত হন। শাহিদুলকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় বালিকা বিদ্যালয়ে উপস্থিত পুলিশ ঘটনাস্থল থেকে আম্মানকে আটক করেন। এতে বাধা দেয় গ্রামের বিবাদমান একটি পক্ষের লোকজন।

এসআই মাসুম আরও জানিয়েছেন, আমরা আম্মান নামে ওই যুবককে নিয়ে আসছিলাম। এ সময় গ্রামের লোকজন আমাদের ওপর দা নিয়ে হামলা করে। এতে তিনি নিজে ও কনস্টেবল রাকিব গুরুতর আহত হন। তাদেরকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা থানার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ জানিয়েছেন, এ ঘটনার পর সংঘর্ষে জড়িত তিন জনকে আটক করা হয়েছে। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

/মাগুরা প্রতিনিধি/