চট্টগ্রামে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের আগ্নেয়াস্ত্র হাতে মিছিলে নেতৃত্ব দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।
পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানান, বিষয়টি জানার পর তা তদন্ত করে দেখতে জেলা বিশেষ শাখাকে (ডিএসবি) নির্দেশ দেওয়া হয়েছে। তার অস্ত্র বৈধ কি অবৈধ, কেন অস্ত্র প্রদর্শন করে মিছিল করেছেন, এসব বিষয় খতিয়ে দেখার পর কী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তা বলা যাবে।
উল্লেখ্য, সোমবার বিকালে বাঁশখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অস্ত্র হাতে নেতৃত্ব দেন মোস্তাফিজুর রহমান। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
মিছিলে থাকা বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক জানিয়েছেন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। ওই মিছিলে নেতৃত্ব দেওয়ার এক পর্যায়ে সংসদ সদস্য তার লাইসেন্স করা অস্ত্রটি নিরাপত্তাজনিত কারণে প্রদর্শন করেন।