পঞ্চগড়ে দুই মোটরসাকেল আরোহীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলা সদরের সাতমেরা দশমাইল এলাকার পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ।
নিহতেরা হলেন, তেঁতুলিয়া উপজেলার শালবাহান এলাকার জনাব আলীর ছেলে শরিফুল ইসলাম (২৭) এবং আব্দুর রজ্জাকের ছেলে শেখ ফরিদ (২৬)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে নিহত শেখ ফরিদ প্রতিবেশী ভাতিজা শরিফুলকে নিয়ে জেলা সদরের তিনমাইল এলাকায় শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। রাত ৯টার দিকে মোটরসাইকেলসহ তাদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে তেঁতুলিয়া হাইওয়ের পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে।
পঞ্চগড় উপজেলা সদরের সাতমেরা ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি নিহতদের পরিচয় নিশ্চিত করে বলেন, মরদেহ দেখে দুজনকেই চেনা যাচ্ছিল না। পরে মোটরসাইকেল দেখে তাদের পরিচয় জানা গেছে এবং এটা সড়ক দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তবে দুর্ঘটনা কীভাবে ঘটেছে কেউ বলতে পারছেন না।
তেঁতুলিয়া হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, খবর পেয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি।