নেত্রকোণায় সিএনজি-অটোরিকশা সংঘর্ষে দুইজনের মৃত্যু

নেত্রকোণার পূর্বধলায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে রিক্সাটির চালকসহ দুই জন মারা গেছেন। এছাড়াও আরো চার যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার বিকালে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের পূর্বধলা উপজেলার জালশুকায় এই দুর্ঘটনা হয়। পরে আহত অবস্থা হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তারা মারা যান বলে জানিয়েছে পুলিশ।

মারা যাওয়া দুইজন হচ্ছেন, রিক্সাটির চালক একরামুল (৪০) ও রিক্সাটির যাত্রী অজ্ঞাত পরিচয়ের একজন নারী। পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) মাসুদ হাওলাদার জানান, বেলা তিনটার দিকে নেত্রকোণা- ময়মনসিংহ হাইওয়ে সড়কের জালশুকা নামক স্থানে ময়মনসিংহ গামী সিএনজি চালিত অটোরিকশা ও নেত্রকোণা গামী মহুয়া বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে রিক্সাটির চালক, যাত্রীসহ ৬ জন আহত হন।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক একরামুল ও অজ্ঞাত পরিচয়ের নারীকে মৃত ঘোষণা করেন।