উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের গোলাগুলি, নিহত ৫

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাপে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা এবং আরএসও সন্ত্রাসীদের গুলাগুলিতে ৫ জন আরসার সদস্য নিহত হয়েছে।

শুক্রবার ভোরে ৮ নং ক্যাম্পে গোলাগুলির পর পুলিশ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। এখনও পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ক্যাম্পে টহল বাড়িয়েছে এপিবিএন।

ক্যাম্প-৮ ইস্টের ইনচার্জ জ্যেষ্ঠ সহকারী সচিব রবীন্দ্র চাকমা ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই গোলাগুলির ঘটনা ঘটেছে।

নিহতেরা হলেন, ক্যাম্প-৮ ওয়েস্টের বাসিন্দা আনোয়ার হোসেন (২৪), মোহাম্মদ হামীম (১৬), ক্যাম্প-১৩ এর নুরুল আমিন (২৪) ও ক্যাম্প-১০ এর মো. নজিমুল্লাহ। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, গোলাগুলিতে মোট পাঁচজন নিহত হয়েছে। ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে বাকি দুজন মারা যান।

ভোরের সূর্য উঠার আগে ক্যাম্পে শুরু হয় গোলাগুলি। দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে আতংকিত হয়ে পড়ে ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গারা। বৃষ্টি র মতো যখন গুলির শব্দ হচ্ছিলো ঠিক সে সময়ে পাশের মসজিদে নামাজ পড়ছিল স্থানীয় রোহিঙ্গারা। কোন কিছু বুঝে উঠার আগেই গুলি করতে করতে পাহাড়ের দিকে পালিয়ে যায় আরসার সন্ত্রাসীরা। রোহিঙ্গারা বলছেন সন্ত্রাসীদের ভয়ে আতংকে থাকতে হয় তাদের।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) ফারুক আহমেদ বলেন, ঘটনাস্থলের আশেপাশের এলাকায় সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী, চলছে জড়িতদের ধরতে অভিযান।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে গত ৬ মাসে রোহিঙ্গা ক্যাম্পে এখন পর্যন্ত ৫৬টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহত ৫ জন রোহিঙ্গারা আরসার সক্রিয় সদস্য বলে জানান এপিবিএন।