উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল স্বাস্থ্য সেবা চালু হওয়ায় সিংড়াবাসী ঘরে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নততর চিকিৎসা নিতে পারছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
শুক্রবার দুপুরে পুনঃনির্মিত সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষের উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। ৩২ লাখ ২৯ হাজার ৮৪৯ টাকা ব্যায়ে এ স্বাস্থ্য কমপ্লেক্স পুনঃনির্মাণ করা হয়েছে।
প্রতিমন্ত্রী পলক বলেন, করোনাকালে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেলি মেডিসিন ব্যবস্থা চালু করায় এর মাধ্যমে প্রায় ১৫ হাজার মানুষ চিকিৎসাসেবা নিয়েছে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি আল ইমরানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল হকসহ সংশ্লিষ্টরা।
এর আগে মন্ত্রী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোসা. মাহমুদা খাতুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনের উপস্থিতিতে ৩০ লাখ ৩৯ হাজার ৯৭১ টাকা ব্যায়ে উপজেলা পরিবার পরিকল্পনা স্টোর ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারিত দ্বি-তল ভবনের উদ্বোধন এবং নিজ বাসভবনে বিভিন্ন সমস্যা নিয়ে আগত উপজেলাবাসির সমস্যার সমাধান করেন।