নড়াইলে জমি নিয়ে বিরোধে জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের হান্দলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক বাবলু শেখকে (৫৫) কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই রিপন শেখের বিরুদ্ধে।

মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে হান্দলা গ্রামের আবজাল শেখের ছেলে বাবলুর সঙ্গে তার আপন চাচাতো ভাই রিপন শেখের বিরোধ চলে আসছে। এর জের ধরে সকালে রিপনসহ তার লোকজন বাবলু শেখের জমিতে তালগাছ কাটতে যান। খবর পেয়ে বাবলু শেখসহ তার পরিবারের লোকজন ঘটনাস্থলে যাওয়ার পর উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে রিপন শেখের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে বাবলুকে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ওসি নাসির উদ্দীন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।