নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশে নিখোঁজের একদিন পর পুকুর থেকে মাকফিদুল রহমান (১৮) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে উপজেলার জিনারদী গ্রামের জনৈক জয়নাল মিয়ার বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাকফিদুল জিনারদী এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার সকালে একই গ্রামের জয়নাল মিয়ার স্ত্রী লাইলি বেগম তাদের গাছের কাঁঠাল পাড়তে বাড়ি থেকে মাকফিদুলকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ হন। রাতে বাড়িতে না ফেরায় মাকফিদুলের পরিবার ও বাড়ির আশপাশের লোকজন মিলে তাঁকে খোঁজাখুঁজি করেন। খোঁজাখুজির একপর্যায়ে আজ শনিবার দুপুরে জয়নাল মিয়ার বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পলাশ থানা পুলিশ।

পলাশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, শনিবার বিকেল ৩টার দিকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল ইসলাম সোহাগ ও পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।