পটুয়াখালীর গলাচিপায় আলোচিত কিশোর গ্যাংয়ের হাতে নিহত জিসান হত্যা মামলার প্রধান আসামি বাইক বাপ্পি গ্রুপের প্রধান বাপ্পি ও তার সহযোগী মাহিনকে আটক করেছে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা।
গত শনিবার ভোলা জেলার দক্ষিণ আইচা থানার করিম পাড়া এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে বাপ্পিকে এবং বান্দরবান জেলার আর্মি পাড়া থেকে মাহিনকে আটক করা হয়। আসামিদের গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে।
আজ রোববার দুপুরে পটুয়াখালী র্যাব-৮ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-৮ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল যুবায়ের আলম শোভন।
সংবাদ সম্মেলনে র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল যুবায়ের আলম শোভন জানান, চলতি মাসের ৮ মার্চ রাতে কিশোর গ্যং বাইক বাপ্পি গ্রুপের প্রধান বাপ্পি গলাচিপা উপজেলার দক্ষিণ চর বিশ্বাসের বটতলা এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে মোটরসাইকেল চালিয়ে ধুলো উড়িয়ে শোডাউন দিচ্ছিল। এ সময় ওই এলাকার হাজী কেরামত আলী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র জিসান তাকে থামিয়ে ধুলো না উড়ানোর জন্য অনুরোধ করে। এতে ক্ষিপ্ত হয়ে বাপ্পি তার সাঙ্গপাঙ্গদের নিয়ে জিসানকে মারধর করে গুরুতর আহত করে।
যুবায়ের আলম শোভন আরও জানান, আহত জিসানকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১১ দিন চিকিৎসা শেষে জিসানকে বাড়ি নিয়ে আসা হয়। এরপর গত ১৯ মার্চ বাড়িতে জিসান ফের অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই রাতেই জিসানের বাবা মশিউর রহমান নান্নু বাপ্পি, মাহিনসহ কয়েকজনের নামে গলাচিপা থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে র্যাব অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেপ্তার করে।