উপজেলা পরিষদ নির্বাচন

জনতার মুখোমুখি হলেন চেয়ারম্যান প্রার্থীরা

বরগুনার বেতাগীতে প্রথমবারের মতো এক অনুষ্ঠানের মাধ্যমে জনতার মুখোমুখি হলেন উপজেলা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা। কোনো নির্বাচনী বক্তব্য নয় শুধুমাত্র সাধারণ ভোটারদের প্রশ্নের জবাব দেন প্রার্থীরা। এমন ব্যতিক্রম আয়োজন করে পুরো উপজেলায় তাক লাগিয়ে দেয় স্থানীয় নবীন-প্রবীণ সাংবাদিকদের সংগঠন বেতাগী সচেতন নাগরিক।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

প্রথমে সাধারণ ভোটারদের প্রশ্নের জবাব দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম পিন্টু, মাহমুদুল হাসান মহসিন, নিপু রাণী দাস,পারুল আক্তার ও মাহমুদা খানম।

তবে চেয়ারম্যান পদপ্রার্থীদের অংশগ্রহণ শুরু হলে হাজারো সাধারণ মানুষের পদচারণে উপজেলার পৌর শহরে অবস্থিত বঙ্গবন্ধু পৌর অডিটোরিয়াম ভরে যায়। এতে অংশ নেন সাবেক ইউপি চেয়ারম্যান খ ম ফাহরিয়া সংগ্রাম আমিনুল, আমিনুল ইসলাম খান শিপন।

দীর্ঘ সময় ধরে চলে সাধারণ ভোটারদের প্রশ্ন উত্তর পর্ব। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সচেতন নাগরিকের সমম্বয়ক অলি আহমেদ ও হোসাইন সিপাহী। অনুষ্ঠানে সাধারণ ভোটারদের নাগরিক অধিকার বাস্তবায়নে অঙ্গীকার করেন প্রার্থীরা। উপজেলার জনসাধারণ মানুষ এমন অনুষ্ঠান আয়োজন করায় ধন্যবাদ জানায়।

এই অনুষ্ঠানে উপদেষ্টা ছিলেন বেতাগী উপজেলার প্রবীণ সাংবাদিকেরা। তাঁরা হলেন– সাংবাদিক সালাম সিদ্দিকী, মিজানুর রহমান মজনু, সাঈদুল ইসলাম মন্টু, শামিম সিকদার ও স্বপন কুমার ঢালী। এ ছাড়াও অনুষ্ঠান পরিচালনা করেন সজল মাহমুদ, আসাদ স্বপন, রিজওয়ান ও শিমুল মার্স।