নিখোঁজের তিন দিন পর বরিশালের বাবুগঞ্জে উপজেলায় রাব্বি হাওলাদার নামের এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে বাড়ির পাশের বাগান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
রাব্বি হাওলাদার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর গ্রামের বাসিন্দা বাচ্চু হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন সিকদার।
ওসি জানান, গত ১৯ জানুয়ারি রাত ১টার দিকে বাসা থেকে বের হন ওই যুবক। পরে রাত ২টার দিকে তাঁর বড় ভাই কল করলে পরে আসবেন বলে জানান। এরপর থেকে রাব্বি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ওসি আরও জানান, পুলিশ তদন্ত করে রহমতপুর গ্রামের গোডাউন এলাকার বাগান থেকে মরদেহ উদ্ধার করে। তাঁর মাথায় ধারালো অস্ত্রের জখম রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।