বরগুনায় ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে দিল বিএনপির নেতা-কর্মীরা

বরগুনার তালতলীতে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠুকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। আজ শনিবার দুপুর ২টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। 

উপজেলার নয়াপাড়া এলাকায় ভাড়া বাসার সামনে থেকে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠুকে আটক করে মারধর করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে মিঠুকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃত মিনহাজুল আবেদিন মিঠুর গ্রামের বাড়ি উপজেলার কাজিরখাল এলাকায়। তিনি প্রায় ৫ বছর পর্যন্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। গত বছর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে দেওয়া হয়।

এ বিষয়ে যুবদল কর্মী মো. রুবেল হোসেন বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তালতলী উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠু অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্য তার নিজ বাড়িতে বসে ছাত্রলীগের নেতাকর্মীদের দিকনির্দেশনা দিচ্ছেন। তাই ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ মিঠুকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।’

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল বলেন, ‘ছাত্রদলের কিছু লোকজন মিঠুকে আটক করে আমাদের হেফাজতে দিয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’