ঈদ উপলক্ষে আয়োজিত ফুটবল খেলতে গিয়ে ফেরার পথে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হন জামাল শরীফ (২৫) নামের এক যুবক। নিখোঁজের ১৫ ঘন্টা পর আজ বুধবার সকাল ৮টার দিকে নদী থেকে ভাসমান জামালের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
পটুয়াখালীর গলাচিপার রতনদী তালতলী ইউনিয়নের পাতাবুনিয়া গ্রামের কাছাকাছি কাজল নদীতে গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে জামালের ট্রলার ডুবির ঘটনা ঘটে। মৃত জামাল গলাচিপার রতনদী তালতলী ইউনিয়নের দক্ষিণ নিমহাওলা গ্রামের বাসিন্দা কালাম শরীফের ছেলে।
জামালের সঙ্গীরা জানান, ঈদের পরদিন মঙ্গলবার জামালসহ এলাকার একদল যুবক পাশের উপজেলা দশমিনার পাতারচরে ফুটবল খেলতে গিয়েছিলেন। খেলা শেষে ট্রলারে করে ফেরার পথে তাদের ট্রলারটি কাজল নদীর মাঝ বরাবর হঠাৎ ডুবে যায়। ট্রলারে থাকা ২০-২৫ জন যাত্রীর মধ্যে সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জামাল নিখোঁজ হন।
ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। এ বিষয়ে রতনদী তালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার কার্যক্রম চালিয়েছে। জামালের নিখোঁজের খবর পেয়ে গলাচিপা ফায়ার সার্ভিস সদস্যরাও উদ্ধার কাজে অংশ নেন। কিন্তু রাতে তার মরদেহ পাওয়া যায়নি।’
গ্রাম পুলিশ সদস্য শংকর লাল হাওলাদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ যুবককে উদ্ধারে ট্রলার নিয়ে নদীতে নামেন।
গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশনের এক কর্মকর্তা গতকাল রাতে মোবাইলফোনে বলেন, ‘রাত হওয়ায় উদ্ধারকাজ চালানো সম্ভব না। ডুবুরি আনা হয়েছে, সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু হবে। ট্রলারটি ছোট এবং অতিরিক্ত যাত্রী বহন করায় এটি ডুবে গেছে বলে আমরা জানতে পেরেছি।’
এরপর আজ বুধবার সকালে স্থানীয়রা ট্রলার নিয়ে কাজল নদীতে উদ্ধারে নামেন এবং সকাল আনুমানিক ৮টার দিকে নিখোঁজ জামালের মরদেহ নদীতে ভেসে উঠলে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মিলন সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৮টার দিকে নিখোঁজ যুবক জামালের মরদেহ নদী থেকে উদ্ধার হয়েছে।