ফেসবুক স্ট্যাটাসে নুরের দাবি: গলাচিপায় সংবাদ সম্মেলন ঠেকাতে ১৪৪ ধারা

পটুয়াখালীর গলাচিপায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুরের ঘটনায় শুক্রবার ডাকা জরুরি সংবাদ সম্মেলন ও বিক্ষোভ ঠেকাতে ১৪৪ ধারা জারির অভিযোগ করেছেন দলটির সভাপতি নুরুল হক নুর। নিজের ফেসবুক আইডিতে দেওয়া একটি স্ট্যাটাসে এ অভিযোগ করেছেন তিনি।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো– ‘হাসিনা কথা বলা বন্ধ করতে পারেনি, আর পটুয়াখালী জেলার ডিসি বিএনপি নেতা হাসান মামুনের পক্ষ নিয়ে গলাচিপার ওসি, ইউএনউকে নির্দেশ দেয় আমি যেন সংবাদ সম্মেলন করতে না পারি। সাংবাদিকদের ভূগোল বুঝায় ১৪৪ এর মধ্যে তারা যেন সংবাদ সম্মেলন কাভার না করে।’

নুর আরও লেখেন– ‘উল্লেখ্য, ডিসি এর পূর্বে রমজানে সার্কিট হাউজে অবস্থানকালীন সময়ে আমাদের আলোচনা গোপনে রেকর্ড করে হাসান মামুনকে সরবরাহ করেছিল। আমখোলা ইউনিয়নের চেয়ারম্যান গ্রেপ্তার হলেও হাসান মামুন সম্মতি না দেওয়ায় বিভাগীয় কমিশনার এমনকি মন্ত্রণালয় চিঠি দিলেও ডিসি প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেয়নি। কারণ তিনি হাসান মামুমনসহ জেলা বিএনপির এক নেতার সাথে সখ্যতা গড়ে তুলে তিনি পটুয়াখালীতে হারুন-বেনজির হয়ে উঠতে চাচ্ছেন।’

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ফেসবুক স্ট্যাটাস। ছবি: সংগৃহীত

এ বিষয়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, ‘উপজেলাধীন চরবিশ্বাস ও বকুলবাড়িয়া ইউনিয়নের সংঘটিত সাম্প্রতিক সংঘর্ষ ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণ অধিকার পরিষদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষের কর্মসূচি ঘোষণার প্রেক্ষিতে আইন-শৃঙ্খলার মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা তৈরি হতে পারে বলে গলাচিপা থানার অফিসার ইন-চার্জ আমাকে জানান। তাই আমার উপর অর্পিত ক্ষমতাবলে জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে গলাচিপা পৌরসভা ও এর আশেপাশের এলাকায় ১৩ জুন সকাল ৮ টা থেকে ১৫ জুন সকাল ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।’