পিরোজপুর পৌর যুবলীগের সিনিয়র সহ–সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া মো. নাজিমুদ্দিন সোহেল (৪৫) পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শেখপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি পিরোজপুর পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়াও তিনি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত জিএস। তিনি পৌরসভা নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার বিকেলে ভারতে যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশনে চেকিংয়ের সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে পাসপোর্ট জব্দ করে। তার নামে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) থাকায় পুলিশ তাকে আটক করে বিমানবন্দর থানায় নেয় এবং সেখান থেকে পিরোজপুর সদর থানায় আনা হয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘নাজিমউদ্দিন সোহেল ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার নামে বিস্ফোরক দ্রব্য মামলাসহ ১৪টি মামলা রয়েছে। তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’