পটুয়াখালীর বাউফলে সহকারী পুলিশ সুপারের (এএসপি) বাড়িতে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম কাবিল মৃধা (৩৮)। তিনি নওমালা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এবং বটকাজল গ্রামের মৃত রুস্তম আলী মৃধার ছেলে।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কাবিল মৃধা মদ্যপ অবস্থায় ছুরি হাতে এএসপি মো. শফিকুল ইসলামের বাড়িতে প্রবেশ করেন। এ সময় তিনি এএসপির বাবা আব্দুল মোতালেবের কাছে দুই লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে তিনি বাড়ির আসবাবপত্র ভাঙচুর করেন। স্থানীয়রা কাবিলকে আটকে রেখে পুলিশকে খবর দেন। পরে রাত ৯টার দিকে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে কাবিল মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।