পিরোজপুর জেলা বিএনপির প্রবীণ নেতা মোতালেব আকনের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করে তাঁর শেষ ইচ্ছা পূরণ করলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার সন্ধ্যায় লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই প্রবীণ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পিরোজপুর জেলা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও প্রবীণ নেতা মোতালেব আকন তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা করার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত এক বিশেষ প্রতিবেদনে তার এই দীর্ঘদিনের ইচ্ছার কথা উঠে আসলে বিষয়টি তারেক রহমানের নজরে আসে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন মোতালেব আকনের সঙ্গে যোগাযোগ করার জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। এরপরই শুরু হয় ভার্চুয়াল সাক্ষাতের প্রস্তুতি।
আজ সোমবার সন্ধ্যায় লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রবীণ এ নেতা মোতালেব আকনের সঙ্গে যুক্ত হন তারেক রহমান। উষ্ণ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শুরু হয় আবেগঘন এ সাক্ষাৎ।
সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এবং ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান উপদেষ্টা অ্যাড রুহুল কবির রিজভী। আমারা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাঈদ খানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ সময় অ্যাড রুহুল কবির রিজভী পিরোজপুরে উপস্থিত থেকে মোতালেব আকনের হাতে তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘এই উদ্যোগ কেবল একজন প্রবীণ নেতার স্বপ্নপূরণ নয়, বরং বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি দেশনায়কের শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিচ্ছবি। তারেক রহমান বারবার প্রমাণ করেছেন, তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, একজন সংবেদনশীল, মানবিক এবং স্মৃতিশক্তি সমৃদ্ধ নেতাও।’
এ সময় আরও উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, সদস্য আলমগীর হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতারা।