পটুয়াখালীতে কোদালের হাতল দিয়ে শ্বশুরের বিরুদ্ধে জামাইকে হত্যার অভিযোগ

পটুয়াখালীতে পারিবারিক বিরোধের জেরে শ্বশুরের কোদালের হাতলের আঘাতে জামাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত অভিনাশ (৪০) সদর উপজেলার ঢেউখালী গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে অভিনাশ শ্বশুরবাড়িতে কিছু নগদ অর্থ ও গয়না জমা রাখেন। গতকাল সন্ধ্যায় স্ত্রী মনিকা দাসকে সঙ্গে নিয়ে তিনি শ্বশুরবাড়িতে গিয়ে সেই অর্থ ও গয়না ফেরত চান। এ সময় শ্বশুর শান্তি দাস, শ্যালক হৃদয় দাস ও স্ত্রীর সঙ্গে তাঁর বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে শ্বশুর শান্তি দাস কোদালের হাতল দিয়ে অভিনাশের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পরপরই পলাতক রয়েছেন তাঁর স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।