একই ব্যক্তির বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে পৃথক মামলা

বরগুনার তালতলীতে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার তালতলী থানায় পৃথক দুটি ধর্ষণ মামলা করেছেন ভুক্তভোগী দুই শিশুর অভিভাবক। পুলিশ বলছে, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অভিযুক্ত ব্যক্তির নাম মোকলেছ মোল্লা (৫৯)। তিনি তালতলীর সোনাকাটা ইউনিয়নের মৃত আব্দুল মোল্লার ছেলে।

তালতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, মোকলেছ মোল্লা টাকার ও খাবারের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে আলাদা সময়ে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। প্রথম ঘটনা ঘটে ৪ অক্টোবর দুপুরে। ওই দিন মোকলেছ মোল্লা ১০ বছর বয়সী এক শিশুকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি চিৎকার দিলে তার মুখ চেপে ধরেন। পরে কোনোভাবে পালিয়ে এসে শিশুটি বাড়িতে ফিরে যায়, তবে ভয়ে পরিবারের কাউকে কিছু জানায়নি। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবার বিষয়টি জানতে পারে।

এরপর ৬ অক্টোবর বিকেলে একই ব্যক্তি প্রতিবেশীর বাড়িতে ঢুকে আরেকটি ৯ বছর বয়সী শিশুকে মুখ চেপে ধরে ধর্ষণ করেন। ওই সময় শিশুটির পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। পরে শিশুটি অসুস্থ হলে পরিবারকে ঘটনাটি জানায়।

দুই শিশুর পরিবারের সদস্যরা জানান, মোকলেছ মোল্লা দীর্ঘদিন ধরে এলাকার ছোট ছোট মেয়েদের টাকার ও খাবারের প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তার চরিত্র নিয়ে এলাকায় ক্ষোভ থাকলেও ভয়ে কেউ প্রকাশ্যে কিছু বলতেন না।

এ বিষয়ে অভিযুক্ত মোকলেছ মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল বলেন, ‘একই ব্যক্তির বিরুদ্ধে দুইটি পৃথক ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। ভুক্তভোগী শিশুদের মেডিকেল পরীক্ষার প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’