পিরোজপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ থেকে অব্যাহতি নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন মো. আতিকুর রহমান খান হৃদয় নামের এক নেতা। আজ বুধবার স্ট্যাম্প পেপারে এক অঙ্গীকারনামার মাধ্যমে তিনি ছাত্রলীগ থেকে অব্যাহতি নেন এবং বিএনপিতে কাজ করার ঘোষণা দিয়ে দলটিতে যোগ দেন।
মো. আতিকুর রহমান খান হৃদয় পিরোজপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বড় কলিশাখালী এলাকার মো. আ. হান্নান খান ও আয়েশা সিদ্দিকার বড় ছেলে।
আতিকুর রহমান খান হৃদয় বলেন, ‘আমাকে জোরপূর্বক ভাবে ২০১৬-১৭ সালে বাংলাদেশ ছাত্রলীগ পিরোজপুর পৌর শাখার কমিটিতে সহ-সভাপতি পদে অন্তর্ভুক্ত করা হয়। আমি এই সংগঠনে ২০১৯-২০ সাল পর্যন্ত অন্তর্ভুক্ত ছিলাম। এরপর থেকে আমি ছাত্রলীগের কোনো কার্যক্রমের সাথে জড়িত নই। বর্তমানে আমি বিএনপিতে যোগদান করে বিএনপি ও এর পক্ষে কাজ করতে চাই।’
আতিকুর রহমান খান হৃদয়ের বাবা হান্নান খান বলেন, ‘আমার ছেলে হৃদয় কখনোই ছাত্রলীগ আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিল না। কিন্তু বর্তমানে আমরা খুব মানবতার জীবনযাপন করছি, এর একমাত্র কারণ হচ্ছে প্রতিনিয়তই আমার ছেলেকে খুঁজতে বাসায় পুলিশ প্রশাসনের লোকজন আসে। যা আমাদের কাছে অত্যন্ত বিব্রতকর। আমার ছেলে কোনো মামলার আসামি না, কোন আওয়ামী লীগ নেতা না, আমরা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী। তাই আমার ছেলে সম্পূর্ণভাবে বিএনপিতে যোগ দিয়ে বিএনপির পক্ষে কাজ করতে চায়।’