ভোলায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ছবি: ভিডিও থেকে নেওয়াভোলায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। সোমবার দুপুরে ভোলার লালমোহনের গজারিয়া বাজারের ডা. আজহার উদ্দিন কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শশীগঞ্জ এলাকার শিল্পী রাণী দাস (৫৫), তাঁর ছেলে তুষার দাস (২৫) এবং অটোরিকশার চালক মো. নাসিম (৪৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে ভোলা বাস টার্মিনাল থেকে যাত্রীবাহী একটি বাস চরফ্যাসনের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে লালমোহনের গজারিয়া বাজারের ডা. আজহার উদ্দিন কলেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিনজন নিহত হস। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন।

বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে উল্টে যায়। ছবি: ভিডিও থেকে নেওয়াওসি আরও জানান, খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠান। এ ছাড়া আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠান। এ ঘটনায় নিহত তিনজনের পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।

অন্যদিকে বোরহান উদ্দিন উপজেলার উদয়পুর রাস্তার মাথায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে সোহাগ নামের একজন কলেজছাত্র নিহত হয়েছেন। সোহাগ টবগী ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের চৌকিদার বাড়ির সেলিম উদ্দিনের ছেলে।