ঝালকাঠিতে আমুর পরিত্যক্ত বাড়ির ফটক আবার ভাঙলেন শিক্ষার্থীরা

ঝালকাঠি শহরের রোনালস রোড এলাকায় অবস্থিত আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আমির হোসেন আমুর পরিত্যক্ত পোড়া বাড়ির প্রধান ফটক আবারও ভেঙে ফেলেছেন একদল শিক্ষার্থী।

বুধবার বিকেলে ড্রিল কাটার মেশিন ব্যবহার করে ফটকটি কেটে ভাঙা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন ধরে সেখানে আশপাশের লোকজন ময়লা-আবর্জনা ফেলে স্তূপ তৈরি করেছেন। রাতে মাদকসেবীদের আনাগোনার অভিযোগও রয়েছে এলাকাবাসীর।

সম্প্রতি অজ্ঞাত ব্যক্তিরা বাড়ির সামনে টিনের বেড়া দিয়ে প্রধান ফটকটি বন্ধ করে দেন। পরে নিজেদের ‘জুলাই ছাত্র আন্দোলন’-এর কর্মী পরিচয় দেওয়া একদল শিক্ষার্থী ওই টিনের বেড়া অপসারণ করেন। একপর্যায়ে তারা ড্রিল মেশিন দিয়ে ফটকটি কেটে ফেলেন। এতে বাড়িটি সম্পূর্ণ উন্মুক্ত হয়ে পড়ে।

ঘটনাস্থলে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা শাখার নেতা মো. লিখন বলেন, ‘বিক্ষুব্ধ ছাত্ররা ফ্যাসিবাদের দোসরদের আস্তানা উন্মুক্ত রাখতে টিনের বেড়া সরিয়ে দিয়েছেন। এটি জনগণের জন্য উন্মুক্ত থাকবে। প্রয়োজনে জায়গাটি ময়লার ভাগাড় হিসেবেও ব্যবহার করা হতে পারে। কেউ চাইলে এখানে টয়লেট নির্মাণ করতে পারেন।’

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’