পটুয়াখালীর কলাপাড়ায় নদীর চর থেকে ভদ্র শিকদার নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার ধানখালী ইউপির লোন্দা গ্রামের টিয়াখালী নদী লাগোয়া আমিনুলের ইটভাটা সংলগ্ন চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ভদ্র শিকদার ওই ইউপির লোন্দা গ্রামের ইউসুফ আলী শিকদারের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, ভদ্র শিকদার পেশায় একজন জেলে এবং তিনি অধিকাংশ সময়ই নদীর চরে থাকতেন। দুদিন আগেও ঝড়ো বৃষ্টির মধ্যে মাছ শিকার করেছেন। তবে খুবই সাহসী স্বভাবের এই জেলে বাড়িতে থাকতেন না বলে জানান স্থানীয়রা।
পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, সকালে স্থানীয় মেম্বার, গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে মাঝ বয়সী এক পুরুষের মরদেহ উদ্ধার করি। মরদেহটি উপুর হয়ে পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, অন্তত তিন দিন আগে মারা গেছে। এছাড়া মরদেহের পরনে লুঙ্গি ছিল এবং লুঙ্গিতে মোড়ানো বিড়ির প্যাকেট এবং দিয়াশলাইও ছিল। তবে শরীর থেকে চামরা খসে পড়েছে এবং ফুলে ফেঁপে উঠেছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমরা সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। আপাতত তার মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।’